বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন বলেছেন, ধনীদের তুলনায় গরিবরা ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে, কারণ তাদের হিসাব-নিকাশ সহজ হবে। তিনি বলেন, গরিব মানুষ কারও সম্পদ আত্মসাৎ করে না, সুদ বা ঘুষ খাওয়ার সুযোগও তাদের থাকে না। তারা সৎ পথে উপার্জন করে, সেই অর্থেই ব্যয় চালায় এবং আল্লাহর দেখানো পথে জীবন পার করে।
শনিবার জেলার জীবননগর থানার ভ্যান, ইজিবাইক ও করিমন চালকদের নিয়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রুহুল আমিন। তিনি আরও জানান, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো ধরনের কাজের জন্য কাউকে চাঁদা দিতে হবে না।
রুহুল আমিন বলেন, সমাজে গরিবদেরই প্রায়শই ঘুষ ও সুদ দিতে হয়। ধনীরা সুদের বিনিময়ে গরিবদের টাকা ধার দেয়, ফলে জীবিকার প্রয়োজনে গরিবরা বাধ্য হয়ে সেই টাকা নিতে হয়। তিনি বলেন, ইসলামী অর্থব্যবস্থার অন্যতম মূলনীতি হলো জাকাত, যার মাধ্যমে ধনীদের সম্পদে গরিবদের অধিকার নিশ্চিত করা হয়েছে। এতে সমাজে সম্পদের ভারসাম্য রক্ষা হয় এবং গরিবরা স্বাবলম্বী হতে পারে।
তিনি আরও বলেন, আল্লাহর বিধান সব ধর্মের মানুষের জন্য কল্যাণকর। মানুষ যদি সেই বিধান মেনে চলে, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা পরস্পরের ক্ষতি করতে গিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করি।
চাঁদাবাজি বন্ধে প্রতিশ্রুতি জানিয়ে রুহুল আমিন বলেন, ঠিকাদারদের বিভিন্ন প্রকল্পে চাঁদা দিতে হয়, যার ফলে তারা বাজেট অনুযায়ী কাজ শেষ করতে পারেন না। জামায়াত ক্ষমতায় গেলে ঠিকাদারদের আর কোনো চাঁদা দিতে হবে না, ফলে সঠিকভাবে রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ সম্ভব হবে।
সমাবেশটি জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বক্কার এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল হোসেন প্রমুখ।
