নারায়ণগঞ্জে ‘আজমতে সাহাবা’ শীর্ষক ইসলামী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের ৯০ থেকে ৯২ ভাগ মানুষ মদিনার ইসলামের অনুসারী। কেউ মওদুদীর ইসলামের অনুসারী নয়। যারা ফিরকা ও ফেতনার মাধ্যমে দেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগা ময়দানে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করে কিছু দল রাজনৈতিক ফায়দা নিতে চায়। একটি রাজনৈতিক দল ইসলামের নামে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন।
তিনি বলেন, “আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি— রাসুল (সা.) ও সাহাবায়ে কেরাম যে ইসলাম প্রচার করেছেন, সেটাই আমাদের ইসলাম। যারা ফিরকা ও ফেতনা সৃষ্টি করছে, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে।”
ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের কাছে প্রথমে দ্বীন, পরে দুনিয়া। ইসলাম বিদ্বেষী রাজনীতি যারা করেছে, তারা এখন ইতিহাসের পাতায় বিদায় নিয়েছে।”
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মুসলিম ও ইসলাম বিদ্বেষী ছিল। রাজনৈতিক স্বার্থে তারা আলেমদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছিল। এখন সময় এসেছে আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠার, যেন অপরাজনীতি ও ফ্যাসিবাদ সম্পূর্ণভাবে বিদায় নেয়।”
সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা আমির মুফতি মনির হোসাইন কাসেমী। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, জমিয়তে উলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, সাখাওয়াত হোসেন খানসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।
