চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি আবদুল মান্নান (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মধ্যম সরফভাটা এলাকার বুলইন্নার বাড়ির টেক সংলগ্ন নির্জন সড়কে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মান্নান সরফভাটা ২ নম্বর ওয়ার্ডের জিলানী মাদ্রাসা এলাকার বাসিন্দা মুহিদুল্লাহ–বাপের বাড়ির মো. নাজেরের ছেলে। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি চন্দ্রঘোনার একটি ভাড়া বাড়িতে থাকতেন। রাজনৈতিক পরিবর্তনের পর প্রবাস থেকে দেশে ফিরে তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে পথচারীরা সড়কের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পাশেই ছিল তার মোটরসাইকেল। তবে তার মোবাইল ফোনটি ঘটনার স্থানে পাওয়া যায়নি। ঠিক কোন কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা স্পষ্ট নয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে—একটি বাম চোখের কাছে, একটি বাম হাতে এবং পেটের ডান পাশে দুটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং কারা এ হত্যার সঙ্গে জড়িত তা উদঘাটনে কাজ শুরু করেছে।
