পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অফিসকক্ষে ভাঙচুর করে ভিডিও ধারণের ঘটনার পর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজীবকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইমরান আহমেদ সজীবকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সকল নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে সোহরাওয়ার্দী কলেজের একটি অফিসকক্ষে ঢুকে এক যুবক লাঠি দিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং আরেক যুবক তা মোবাইলে ধারণ করে। প্রায় ৫০ সেকেন্ডের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্যাপ পরিহিত যুবকটি অফিসের টেবিল-চেয়ারসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করছে এবং পরে কক্ষ থেকে বের হয়ে যায়।
এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রদল কখনোই সমর্থন করে না। তিনি জানান, ইমরান আহমেদ সজীব বর্তমানে ছাত্রদলের কোনো পদে নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তকে জেলা ছাত্রদল স্বাগত জানিয়েছে।
