প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ এখন ভাড়াটে টোকাই-ধরনের ক্ষুদ্র দুষ্কৃতকারী গোষ্ঠীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব লিখেছেন, সাম্প্রতিক তিনটি ঘটনা তাকে আরও নিশ্চিত করেছে যে ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ হবে—বরং সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনও হতে পারে।
তিনি উল্লেখ করেন, বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে ব্যাপক আশঙ্কা থাকলেও তা খুবই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিদ্রোহী প্রার্থী বা দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সম্ভাবনা থাকলেও সামান্য কিছু ঘটনা ছাড়া কোনো বড় ধরনের সংঘর্ষ হয়নি। এতে বোঝা যায়, দলটি পরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়েছে এবং মনোনয়ন নিয়ে দলের ভেতরে সংঘর্ষের সম্ভাবনা খুব কম।
শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সক্ষমতার সীমা এখন স্পষ্ট। দীর্ঘদিন তারা তৃণমূলের বিস্তৃত নেটওয়ার্ক থাকার দাবি করলেও সাম্প্রতিক পরিস্থিতি বলছে—দলটির আসল সংগঠিত শক্তি খুব সীমিত। এখন তারা ফাঁকা বাসে আগুন দেওয়া, স্বল্প সময়ের ঝটিকা মিছিল করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে এআই শাটডাউনের মতো প্রচারণায় লিপ্ত ক্ষুদ্র দুষ্কৃতকারী গোষ্ঠীর ওপর নির্ভর করছে। তার পর্যবেক্ষণ অনুযায়ী, দলের তৃণমূল কাঠামো ভেঙে পড়েছে বা প্রতিদ্বন্দ্বী দলগুলোর দ্বারা দখল হয়ে গেছে। ফলে নির্বাচনে অস্থিরতা সৃষ্টির ক্ষমতাও খুব কম।
তিনি আরও লিখেন, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসন এখন আগের তুলনায় আরও সংগঠিত ও আত্মবিশ্বাসী। আইনশৃঙ্খলার স্থিতিশীলতাও তা প্রমাণ করে। দক্ষ কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্ব দেওয়ায় তিনি মনে করেন, তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন আয়োজন করতে সক্ষম হবেন।
