চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত ২৮৬ কোটি টাকার রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ রক্ষাই তাদের প্রধান দায়িত্ব। যে সরকারই ক্ষমতায় আসুক, জনগণকে সঙ্গে নিয়ে ন্যায্য দাবি আদায় করাই হবে মূল লক্ষ্য। তবে নির্বাচিত সরকার না থাকলে আন্তর্জাতিক অঙ্গনে প্রয়োজনীয় গুরুত্ব ও শক্তি পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, পানি ভাগাভাগির ন্যায্য অধিকার আদায় এবং সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে প্রতিবেশী ভারতের ‘দাদাগিরি’ বন্ধ করায় বেশি গুরুত্ব দিতে চান তারা। তার দাবি, স্বাধীনতার সময়ে ভারত সহযোগিতা করলেও সাম্প্রতিক সময়ে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে চাপে রাখা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের তিন প্রধান নদী—পদ্মা, মেঘনা ও যমুনা—দেশের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। পদ্মার পানি আটকানোর কারণে মানুষের জীবনে বড় ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাই ‘পদ্মা বাঁচাও’ আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে দিতে চান তারা।
মির্জা ফখরুল আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির দ্রুত রূপান্তরের কারণে নদী ও পরিবেশ রক্ষা এখন সময়ের দাবি। তা না হলে দেশকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
