কুষ্টিয়ায় পদ্মা নদীতে বালুবাহী ট্রলারে চাঁদা তুলতে গিয়ে আরেকটি ট্রলারের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক আবেদুর রহমান আন্নু (৫৬)। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের গোপীনাথপুর মৌজায় এ ঘটনা ঘটলেও বিষয়টি বিকেলে প্রকাশ পায়।
পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত ঘটনা। নিখোঁজ আন্নু কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আন্নুসহ কয়েকজন একটি ছোট নৌকায় করে পদ্মা নদীতে বালুবাহী ট্রলারগুলো থেকে টাকা তুলতে যান। গোপীনাথপুর এলাকায় হঠাৎ একটি বড় বালুভর্তি ট্রলার তাদের নৌকাকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। নৌকার মাঝিসহ অন্যরা কোনোভাবে বালুর ট্রলারে উঠে বেঁচে গেলেও আন্নু তীব্র স্রোতে ভেসে যান। স্থানীয়ভাবে উদ্ধারচেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আরদেশ আলী জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুলনা থেকে ডুবুরি দল এসে সোমবার সকাল থেকে আনুষ্ঠানিক তল্লাশি শুরু করবে।
নিখোঁজ আন্নুর ভগ্নিপতি কবির হোসেন টুটুল বলেন, বালুঘাটের ইজারা নিয়ে বিরোধের জেরে আন্নুকে পরিকল্পিতভাবে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
তবে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় থানাকে কেউ কিছু জানায়নি।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, সন্ধ্যায় আন্নুর নিখোঁজ হওয়ার খবর শুনেছেন, তবে বিস্তারিত এখনও জানা নেই।
