ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়ারেন্টভুক্ত আসামি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে আদালতে হাজির না হওয়ায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৭০), শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ওরফে ধনু মেম্বার (৭৫) এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর জামাল (৬০)।
নবীনগর থানার কর্মকর্তারা জানান, রাজনৈতিক সহিংসতা ও সংঘর্ষসংক্রান্ত একাধিক মামলায় তাদের নামে আদালতের ওয়ারেন্ট ছিল। নিয়মিত তল্লাশি ও অভিযানের অংশ হিসেবে পৃথক স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে চাপ ও উদ্বেগের সৃষ্টি করে। অনেকেই ঘটনাটিকে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনা করছেন।
নবীনগর থানার ওসি শাহিনূর ইসলাম জানান, আদালতের জারি করা ওয়ারেন্ট বাস্তবায়নের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যের কোনো বিষয় নেই। গ্রেপ্তারের পর তিনজনকেই রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

