সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ২০১৮ সালে বিএনপির সহায়তায়ই জামায়াত নির্বাচনে অংশ নিতে পেরেছিল। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ তখন জামায়াতকে নিষিদ্ধ করেছিল এবং প্রতীক না থাকায় বিএনপিই ধানের শীষ প্রতীক দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেয়। অথচ এখন জামায়াত আওয়ামী লীগের নিষিদ্ধকরণের পক্ষে কথা বললেও আড়ালে আবার সেই দলটির সহায়তায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।
শুক্রবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে জনসভায় এবং চাষিরহাট ও চাটখিলের পৃথক কর্মীসভায় এসব মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার খোকন বলেন, বিএনপি একটি উদার ও গণতান্ত্রিক দল। অতীতেও তারা জামায়াতকে প্রতীক দিয়ে নির্বাচন করতে সহযোগিতা করেছে। কিন্তু জামায়াত ‘জোটবদলকে নীতি বানিয়ে ফেলেছে’—একেক সময় একেক অবস্থান নেওয়া এখন তাদের অভ্যাসে পরিণত হয়েছে।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় গেলে জামায়াতকে মন্ত্রী করে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল। অথচ এখন জামায়াত অতীতের সহযোগিতার কথা ভুলে গিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কেউ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্র করলে জনগণ তা প্রতিহত করবে বলেও সতর্ক করেন তিনি।
জনসভায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। সভা শেষে ব্যারিস্টার খোকন তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট সোনাইমুড়ী, চাষিরহাট ও চাটখিল এলাকায় বিতরণ করেন।
