নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহেই দেশে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রোববার (২৩ নভেম্বর) ফেনী শহরের একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে ফেনী-২ আসন থেকে প্রার্থীতার ঘোষণা দিয়ে তিনি এ তথ্য জানান। মঞ্জু বলেন, ২৫ নভেম্বর নতুন জোটটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
তিনি জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলকে নিয়ে নতুন এই জোট গঠনের উদ্যোগ চলছে, যেখানে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নতুন দল এনসিপিও যুক্ত থাকবে। এটি রাজনৈতিক জোট হলেও নির্বাচনী জোট নয় বলে তিনি উল্লেখ করেন। নির্বাচনী জোট ভবিষ্যতে কিভাবে হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঞ্জু বলেন, স্বাধীন বাংলাদেশের জাতির পিতা এবং স্বাধীনতার ঘোষক নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান হওয়া প্রয়োজন। সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। তার দাবি, বিগত ৫৪ বছরে রাষ্ট্রকে সঠিকভাবে গঠন করা হয়নি; বিভাজন ও প্রতিহিংসার রাজনীতি করা হয়েছে। জনগণের সমস্যার সমাধানই এখন সবচেয়ে জরুরি—এবারের নির্বাচনে পরিবর্তনের সুযোগ এসেছে, সবাইকে মিলেই তা কাজে লাগাতে হবে।
ফেনী-২ আসনে নির্বাচিত হলে কী করবেন সে প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের কাজে হস্তক্ষেপ করবেন না এবং সরকারি বরাদ্দ সম্পর্কে জনগণকে অবহিত করবেন। ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা স্থানীয় কোনো নির্বাচনে দলের স্বার্থে প্রভাব খাটাবেন না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
বিএনপির সঙ্গে জোট না করার কারণ ব্যাখ্যা করে মঞ্জু বলেন, ফেনীতে বিএনপির কিছু প্রভাবশালী নেতা আছেন—জোট হলে তাদের প্রভাব থাকাটাই স্বাভাবিক। তাই কাউকে কষ্ট দিতে চান না। ধানের শীষ বা দাঁড়িপাল্লার বাইরে স্বাধীনচিন্তার ভোটারদের সমর্থন চেয়ে তিনি বলেন, নতুন প্রজন্ম নতুন রাজনীতি চায়—পুরোনো ধারার রাজনীতি শেষ হয়ে এসেছে।
সংবাদ সম্মেলনে এবি পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ ও সদস্য সচিব ফজলুল হকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
