ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাইভেটকারে করে গাঁজা পাচারের সময় বিপুল পরিমাণ মাদকসহ যুবদল নেতা কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালেআখাউড়া–আগরতলা সড়কের পৌরশহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগী গোলাম রাব্বিকে আটক করা হয়।
গ্রেফতার কামরুল ইসলাম পৌরশহরের তারাগন গ্রামের দানু মিয়ার ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার সহযোগী রাব্বি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে এবং বর্তমানে আখাউড়া রাধানগরে ভাড়ায় বসবাস করেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়। তল্লাশিতে স্কচটেপ মোড়ানো ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ভারতের ত্রিপুরা থেকে ঢাকার উদ্দেশে গাঁজা পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, মাদক চোরাচালান কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হবে।
উপজেলা বিএনপির কয়েকজন সিনিয়র নেতা জানিয়েছেন, মাদকসহ গ্রেফতারের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কামরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
