কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে গোপালনগর ভূইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দেওয়া তাঁর বক্তব্যের ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে মুন্সীকে বলতে শোনা যায়, গত ১৭ বছর এলাকার মানুষকে রক্ষা করার জন্য আওয়ামী লীগের এমপির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়েছে। তিনি দাবি করেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা থেকে বাঁচাতেই এ ধরনের অবস্থান নিতে বাধ্য ছিলেন। তাঁর ভাষায়, “নাহলে আপনাদের বিরুদ্ধে বহু মামলা হতো।”
বক্তব্যে তিনি আরও বলেন, ১/১১-এর সময় দেবিদ্বার থানা থেকে হাতকড়া লাগিয়ে তাকে শুধু একটি গেঞ্জি পরিয়ে ঘোরানো হয়েছিল। তারপরও তিনি থেমে যাননি, কারণ এলাকার মানুষের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। বয়স বাড়লেও সময়ের কারণে অনেক প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি বলে উল্লেখ করেন তিনি।
বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়ার পর বহু ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ মন্তব্য করেছেন যে তাঁর কথায় ‘রাজনৈতিক সুবিধাবাদী মনোভাব’ প্রকাশ পেয়েছে। অনেকে ফেসবুকে লিখেছেন, দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে চলার কথা তিনি নিজেই স্বীকার করেছেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে।
গত ৩ নভেম্বর কুমিল্লা–৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থীতা ঘোষণা করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
