ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টের কারণে সংঘবদ্ধ রিপোর্টের শিকার হয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ রিমুভ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রায় ৩০ লাখ ফলোয়ারসমৃদ্ধ ওই পেজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে নেয়।
শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান। তিনি লেখেন, ওসমান হাদি সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিওগুলোর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছে এবং একাধিক ভিডিওতে স্ট্রাইক দেওয়ার পর তার অফিশিয়াল পেজটি রিমুভ করে দেওয়া হয়।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে পরিকল্পিতভাবে রিপোর্ট করা হয়েছে। হাদিকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই একযোগে স্ট্রাইক দেওয়া হয়, যার ফলে শেষ পর্যন্ত পুরো পেজটি বন্ধ হয়ে যায়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফ ওসমান হাদিকে ঘিরে বিভিন্ন পোস্ট ও কনটেন্ট নিয়ে বিতর্ক তৈরি হয়। সাম্প্রতিক সময়ে একাধিক পেজ ও কনটেন্ট রিপোর্টের মাধ্যমে অপসারণের ঘটনাও সামনে এসেছে।
প্রসঙ্গত, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তফসিল ঘোষণার আগের দিন তিনি এবং অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন।
