বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
নুরুল ইসলাম সাদ্দাম এর আগে ছাত্রশিবিরের ২০২৫ সেশনে কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক এবং খুলনা মহানগর সভাপতির দায়িত্বও পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
শুক্রবার সকালে কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ শুরু হয়। সারাদেশ থেকে আগত প্রায় ছয় হাজারেরও বেশি সদস্যের অংশগ্রহণে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনের মাধ্যমেই সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচন সম্পন্ন হয়।
