যেকোনো সময় যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হতে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি হত্যার ঘটনায় চলমান আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় এই ঘোষণা দেওয়া হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) হাদির হত্যাকারীদের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে সংগঠনটি। রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার পরিকল্পনাকারীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দেয় সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “যেসব উপদেষ্টা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে পরে বিদেশে চলে যাবেন, তাদের কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ নেই। রক্তের সঙ্গে বেইমানি করলে এই দেশের মাটিতেই জনগণ বিচার করবে।”
তিনি আরও বলেন, আন্দোলন শুরুর পর থেকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সে কারণেই পরিস্থিতি অনুযায়ী যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
