আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে হাফেজ আব্দুল মুনতাকিমের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রোববার রাতে সৈয়দপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে কেন্দ্রীয় জামায়াতের পক্ষে নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এই ঘোষণা দেন।
প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, “নীলফামারী-৪ আসনের সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে একটি কল্যাণমুখী সমাজ গড়তে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, “নীলফামারী-৪ আসনে ইসলামী মূল্যবোধ, সৎ নেতৃত্ব ও জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে হাফেজ আব্দুল মুনতাকিমকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।”
সমাবেশে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার প্রায় ৫০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, উপজেলা সেক্রেটারি মাযহারুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ এবং সেক্রেটারি ফেরদৌস রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুল মোমেন, সাবেক আমির মাওলানা লুৎফর রহমান ও গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ শ্রমিক ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতনসহ সৈয়দপুর শহর, উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
