বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে চার নারীসহ আরও নয়জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন অন্তর্ভুক্ত সদস্যরা হলেন— সাবেক সচিব ড. খন্দকার খ. ম. কবিরুল ইসলাম, ড. খলিলুর রহমান মাদানী, অলি উল্লাহ নোমান, শহীদুল ইসলাম, ডা. আনোয়ারুল আযীম, নুরুন্নিসা সিদ্দিকা, সাঈদা রুম্মান, ডা. হাবিবা চৌধুরী সুইট এবং আয়েশা সিদ্দিকা পারভীন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মা’ছুমের সভাপতিত্বে এবং কমিটির সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় বৈঠকে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন কমিটি ও উপকমিটির কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনি সফরসূচি নিয়েও বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
