শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের আকস্মিক মৃত্যুতে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমনেল মাসউদ বিষয়টি নিশ্চিত করে জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, যদি কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হয়, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনেই শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই আসনে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। পরিবার ও দলীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি হঠাৎ গুরুতর শ্বাসকষ্ট অনুভব করেন। দ্রুত তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ময়মনসিংহ শহরের ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৫১ বছর বয়সী এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস করতেন।
নুরুজ্জামান বাদল জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন। প্রার্থীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীর মৃত্যুর কারণে এখন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তি জারি করবেন এবং পরে পুনরায় তফসিল ঘোষণা করা হলে বৈধ প্রার্থীরা তো থাকবেনই, পাশাপাশি নতুন প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।
