ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির আরও ৩০ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সংশ্লিষ্ট নেতাদের বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর জানান, বহিষ্কৃত নেতারা বিএনপি ও জোট মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক স্বার্থে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলি আহাদ, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুফল উদ্দিন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতা আলম মোতাইদ ও মোবারক হোসেন, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ পাঠান এবং সরাইল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহব্বত আলীসহ আরও অনেকে।
এর আগে একই অভিযোগে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করা হয়। পাশাপাশি শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিও স্থগিত করা হয়েছে।
