বরগুনার পাথরঘাটায় মাহফুজুর রহমান নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে দিনের আলোতে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে উপজেলার কাঁঠালতলী দাখিল মাদ্রাসার পাশের বয়ার খুঁটি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
আহত মাহফুজুর রহমান কাঁঠালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির এবং ওই মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষক। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি মাদ্রাসা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তিন যুবক লাঠি ও লোহার পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা মাহফুজুর রহমানকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তার দুই পায়ে উপর্যুপরি আঘাত করে। এতে তার দুই পা মারাত্মকভাবে জখম ও ভেঙে গেছে। এছাড়া তার বাঁ হাত এবং কপালেও গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, আহত ব্যক্তির দুই পায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকার পঙ্গু হাসপাতালে (নিটোর) পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
