নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের ঘটনাটিকে ‘ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত’ হিসেবে দাবি করেছে জামায়াতে ইসলামী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই অভিযোগ করেন।
জুবায়ের জানান, উদ্ধারকৃত অর্থ কোনোভাবেই নির্বাচনের কাজে ব্যবহারের জন্য নয়। বেলাল উদ্দিন একজন পেশাদার গার্মেন্টস ব্যবসায়ী এবং এই টাকাটি তার ব্যবসায়িক লেনদেনের অংশ ছিল। রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাটিকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
এর আগে বেলা ১১টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, তার ব্যাগে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াত নেতা দাবি করেছেন, তিনি ব্যবসায়িক কাজে এই টাকা বহন করছিলেন।
নির্বাচনের ঠিক আগের দিন বিপুল পরিমাণ অর্থসহ জেলা জামায়াত আমির আটকের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
