ঢাকা-১৫ আসনের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বালক শাখা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
এই কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমান ভোট দেবেন বলে জানা গেছে। তিনি সকাল ৮টার দিকে কেন্দ্রে উপস্থিত হতে পারেন। তার আগমনকে কেন্দ্র করে এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।
নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য মোতায়েন রয়েছেন। সাধারণ নিরাপত্তার পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ এবং ক্রাইম সিন ভ্যান স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক টহল দিচ্ছে।
এদিকে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষায় মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সশস্ত্র সদস্য রয়েছেন। পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মাঠে দায়িত্ব পালন করছেন।
