কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ বলেন, “বেলা যত গড়াবে, আমরা তত বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকব। এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে টেকনিক্যাল বা প্রক্রিয়াগত জটিলতার খবর আমার কাছে আসেনি। আমরা পুরোপুরি শঙ্কামুক্ত থাকতে চাই।”
নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, “ভোট একটি উৎসবের বিষয়, এটি ভয়ের কিছু নয়। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। দেবিদ্বারের মানুষের কাছে আমার আহ্বান থাকবে—আপনারা যাকে খুশি ভোট দিন। আমি চাই না ভোটের জন্য কারও সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক।”
ভোটকেন্দ্রে প্রবেশের আগে হাসনাত আবদুল্লাহ দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরে নির্ধারিত বুথে গিয়ে ব্যালট পেপারের মাধ্যমে নিজের ভোট প্রদান করেন।
উলেক্ষ্য, জুলাই অভ্যুত্থান-পরবর্তী এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে হাসনাত আবদুল্লাহ ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সারাদেশে একযোগে সংসদ নির্বাচনের পাশাপাশি আজ রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।
