রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার পর তিনি ভোট দেন। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী তারেক রহমানের ভোটদানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, “যেকোনো ধরনের ষড়যন্ত্র জনগণই রুখে দিতে সক্ষম।” তিনি আরও জানান, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে নারীদের উন্নয়ন ও অধিকার রক্ষায় দ্রুত কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি।
এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রে আসেন বিএনপি চেয়ারম্যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তার আগমন উপলক্ষে গুলশান এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
উল্লেখ্য, তারেক রহমান এবারই প্রথম সরাসরি সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি ঢাকা-১৭ এবং তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে যে, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।
