ফেনী সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলা ও তাঁকে হেনস্থার চেষ্টা চালিয়েছে বিএনপির একদল উশৃঙ্খল কর্মী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভোটকেন্দ্র পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।
মঞ্জুর ওপর হামলার চেষ্টা ও উদ্ধার জানা গেছে, মজিবুর রহমান মঞ্জু দুপুরের দিকে একটি কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল হান্নান ও শহিদের নেতৃত্বে একদল লোক তাঁর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করতে থাকে। একপর্যায়ে তারা মঞ্জুর দিকে তেড়ে এসে হামলার চেষ্টা চালায়। এ সময় সেখানে উপস্থিত ‘ঈগল’ মার্কার সমর্থকরা মঞ্জুকে ঘিরে ধরে রক্ষা করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তালহা নামে এক ঈগল সমর্থককে সন্ত্রাসীরা বেদম মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রধান নির্বাচনী এজেন্টের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর এদিকে ধর্মপুরের জোয়ার কাছাড় কেন্দ্রে মজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্ট এএনএম আব্দুর রহিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ‘জামাই কামরুল’ নামে এক ব্যক্তির নেতৃত্বে একদল সন্ত্রাসী রহিমের ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করে। সন্ত্রাসীরা তাঁর ব্যবহৃত গাড়িটিও সম্পূর্ণ ভাঙচুর করে।
বিভিন্ন কেন্দ্রে সমর্থকদের ওপর আক্রমণ পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহিগঞ্জ এলাকায় ঈগল মার্কার বেশ কয়েকজন সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। এছাড়া শর্শদী ইউনিয়নের ঘাগরা এবং ফরহাদনগরের কালিদাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় জামায়াতের এক নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী সদর আসনের বিভিন্ন এলাকায় এমন উত্তেজনাকর পরিস্থিতির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। তবে এই হামলার বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
