ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সফলভাবে ভোটদান সম্পন্ন করায় বাংলাদেশের সাধারণ মানুষকে এবং নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়।
অভিনন্দন বার্তায় চীনা দূতাবাস উল্লেখ করেছে, তারা বাংলাদেশের এই গণতান্ত্রিক যাত্রার সাফল্য এবং নির্বাচনে বিএনপির অভাবনীয় সাফল্যে আনন্দিত। একই সাথে বেইজিংয়ের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সাথে আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, চীন সব সময় বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পাশে ছিল এবং ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বের নতুন অধ্যায় রচনার মাধ্যমে উন্নয়নমূলক কাজে একযোগে কাজ করতে আগ্রহী। এই অভিনন্দন বার্তাটি এমন এক সময়ে এল যখন বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর ভারত, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে অভিনন্দন বার্তা আসছে। এরই ধারাবাহিকতায় চীনও বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতার কথা জানালো।
