ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ ও বরিশাল-৬—উভয় আসনেই পরাজিত হয়েছেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী ছিলেন। দুই আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে বড় ব্যবধানে হেরে যান তিনি।
এদিকে বরিশালের ছয়টি আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নির্বাচন কার্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরিশাল-৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।
বরিশাল-৬ আসনেও ধানের শীষের প্রার্থীর সঙ্গে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফয়জুল করীম। মোট ১১৩টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। দ্বিতীয় স্থানে থাকা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। অন্যদিকে হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল অঞ্চলে বিএনপির এ ফলাফল দলটির জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
