ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ থেকে সমুদ্রে পড়ে যাওয়া এক নৌসেনাকে তিন দিনব্যাপী নিবিড় অনুসন্ধানের পর আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ‘ইউএসএস আইও জিমা’ (USS Iwo Jima) নামক উভচর যুদ্ধজাহাজ থেকে ওই সেনা পানিতে পড়ে যান। নিহত সেনার নাম চুকউয়েমেকা ই. ওফোরাহ (২১), যিনি ফ্লোরিডার বাসিন্দা এবং মার্কিন মেরিন কোর্পসের ল্যান্স কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পরপরই নিখোঁজ সেনাকে উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করে মার্কিন সামরিক বাহিনী। এই উদ্ধার অভিযানে পাঁচটি যুদ্ধজাহাজ, ১০টি বিমান এবং একটি ড্রোন ব্যবহার করা হয়। টানা ৭২ ঘণ্টা সমুদ্রে ও আকাশপথে তল্লাশি চালানোর পর তাঁকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে গত ১০ ফেব্রুয়ারি অনুসন্ধান কাজ স্থগিত করা হয়। মার্কিন সামরিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশ করে।
নিহত ওফোরাহ ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন ছিলেন। এই অভিযানে মার্কিন বাহিনীর এটিই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ওফোরাহ ২০২৩ সালের অক্টোবরে বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রশিক্ষণ শেষ করে ল্যান্স কর্পোরাল হিসেবে পদোন্নতি পান।
আমেরিকান সামরিক বাহিনীর সেকেন্ড মেরিন এক্সপিডিশনারি ফোর্সের কর্মকর্তারা এই বিয়োগান্তক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি কীভাবে জাহাজ থেকে সমুদ্রে পড়ে গেলেন, তা এখনো অস্পষ্ট। এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে মার্কিন নৌবাহিনী ও মেরিন কোর্পস ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
