আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামের স্থলে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার সলিসিটর মঞ্জুরুল হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন এবং নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।
নির্বাচনের আগে তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। বর্তমানে এসব মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল-১ ও ২-এ চলমান রয়েছে। এর মধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলাসহ আরও দুটি মামলার রায় অপেক্ষমাণ। রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় আগামী ৪ মার্চ ঘোষণা করা হবে।
আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচারও ট্রাইব্যুনালে চলছে। এসব মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী সাবেক এমপি-মন্ত্রী বর্তমানে আসামি হিসেবে বিচারাধীন।
