কিশোরগঞ্জের মিঠামইনে বেড়িবাঁধের ওপর লাগানো ২০টিরও বেশি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। তিনি মিঠামইন উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এই গাছ কাটার বিষয়টি জানাজানি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালে নদীভাঙন রোধে ওই বেড়িবাঁধে কয়েক শ গাছ রোপণ করেছিলেন। অভিযোগ উঠেছে, নিজের ব্যক্তিগত গাড়ি বাড়িতে প্রবেশের সুবিধার্থে জাহিদুল আলম জাহাঙ্গীর ধাপে ধাপে গাছগুলো কেটে ফেলেন।
সরেজমিনে দেখা গেছে, বৈদ্যুতিক করাত দিয়ে গাছগুলো কাটা হয়েছে। এমনকি ঘটনার চিহ্ন মুছে ফেলার জন্য দ্রুততম সময়ের মধ্যে গাছের গুঁড়িগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ এই ঘটনার প্রতিবাদ করতে সাহস পাননি।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জাহাঙ্গীর দাবি করেছেন, গাছ ও ওই জায়গা সরকারি নয়। তিনি তাঁর ব্যক্তিগত সম্পত্তির ওপর থেকে গাছ কেটেছেন বলে দাবি করেন।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) জানায়, গাছগুলো তাদের তত্ত্বাবধানে রোপণ করা হয়েছিল এবং এগুলো সরকারি সম্পদ। বিষয়টি জানার পর ইতিমধ্যে ঘটনাস্থল থেকে কিছু গাছের গুঁড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
