টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত ঘরের মাঠে চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে বড় ধাক্কা খেয়েছে। সুপার এইট পর্বে প্রোটিয়াদের কাছে এই বিশাল ব্যবধানে হার সূর্যকুমার যাদবের দলকে সেমিফাইনালের সমীকরণে বেশ চাপে ফেলে দিয়েছে। টানা ১২ জয়ের পর এই পরাজয় ভারতকে রানরেটের দৌড়ে অনেকটাই পিছিয়ে দিয়েছে।
বর্তমানে গ্রুপ-১ এর পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকা ২ পয়েন্ট এবং (+) ৩.৮০০ নেট রানরেট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে। অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৪ রানের রেকর্ড সংগ্রহ গড়ে ১০৭ রানে জেতায় ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট দাঁড়িয়েছে (+) ৫.৩৫০। বিপরীতে, বড় হারের কারণে ভারতের নেট রানরেট এখন মাইনাস (-) ৩.৮০০, যা দলটিকে টেবিলের তলানিতে নামিয়ে দিয়েছে।
সেমিফাইনালে ওঠার সমীকরণ এখন ভারতের জন্য বেশ জটিল। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ভারতকে শুধু জিতলেই হবে না, বরং নেট রানরেট বাড়াতে বিশাল ব্যবধানে জয় পেতে হবে। একই দিনে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের ফলের ওপরও ভারতের ভাগ্য অনেকটা ঝুলে আছে।
যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি ম্যাচগুলো জেতে এবং ভারতও তাদের পরের ম্যাচগুলোতে জয় পায়, তবে এই দুই দলই সেমিতে যাবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়, তবে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ—তিন দলেরই পয়েন্ট সমান (৪) হয়ে যাবে। সেক্ষেত্রে নেট রানরেটে যারা এগিয়ে থাকবে, তারাই সেমিফাইনালের টিকিট পাবে।
ভারতের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো, দক্ষিণ আফ্রিকা যদি তাদের বাকি দুই ম্যাচেই হেরে যায়, তবে ভারতের সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ হয়ে যেতে পারে। তাই টিম ইন্ডিয়াকে এখন নিজেদের জয়ের পাশাপাশি গ্রুপ ১-এর অন্য দলগুলোর জয়-পরাজয়ের হিসেবের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হচ্ছে।
