বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী রমানাথ পূজারী। তিনি বিদায়ী এমডি প্রকৌশলী সঙ্গীতা কৌশিকের স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যুৎকেন্দ্রটির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমডি হিসেবে যোগদানের আগে রমানাথ পূজারী এই প্রকল্পের পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়ে তিনি মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্ল্যান্ট পরিচালনা, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত নিয়মাবলী মেনে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও প্রকল্পের ভেতরে টাউনশিপ উন্নয়নসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি যুক্ত ছিলেন।
নতুন এই এমডির বর্ণাঢ্য কর্মজীবন ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা গেছে, তিনি ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং গুরগাঁও থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পর তিনি আহমেদাবাদ আইআইএম ও আমেরিকার হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
বিদ্যুৎ খাতে তাঁর রয়েছে প্রায় ৩৬ বছরের দীর্ঘ অভিজ্ঞতা। ১৯৮৯ সালে ভারতের এনটিপিসিতে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। রামপালে আসার আগে তিনি ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিপাত পাওয়ার স্টেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
