ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যের প্রকৃত রহস্য উন্মোচন এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন দেশের সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন ও সাহসী কণ্ঠস্বর। তিনি সব সময় আধিপত্যবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে রাজপথে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন। তাঁর এই সাহসী ভূমিকার কারণেই তাঁকে পরিকল্পিতভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের এতদিন পার হলেও এর পূর্ণাঙ্গ রহস্য এখনো জাতির সামনে পরিষ্কার করা হয়নি। কেন এই দেশপ্রেমিক যুবককে প্রাণ দিতে হলো এবং এর পেছনে কারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে, তা খুঁজে বের করা সরকারের দায়িত্ব।
জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে অপরাধীদের আস্কারা দেওয়া হবে। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।
এর আগে তিনি পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
