কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা এলাকায় জামিনে মুক্তি পাওয়া এক আওয়ামী লীগ নেতার বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তার বাসায় যান উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ। এ সময় তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং শুরু হয় সমালোচনার ঝড়।
কী নিয়ে বিতর্ক?
সামাজিক মাধ্যমে দাবি ওঠে, সোহেল আহমেদ আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সুবিধা নেওয়ার জন্য বিএনপিতে যোগ দেন।
অভিযোগ রয়েছে, বিএনপিতে যোগ দিলেও আওয়ামী লীগ নেতাদের বাসায় নিয়মিত যাতায়াত করেন তিনি।
ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ সুমন ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি প্রকাশ্যে আনেন এবং সোহেলকে “বিএনপির বড় ডোনার” বলেও উল্লেখ করেন।
সংশ্লিষ্টদের বক্তব্য
সোহেল আহমেদ বলেন, “বাসায় যাওয়া কি অন্যায়? আমার কাছে আওয়ামী লীগ-বিএনপি সব সমান।”
