ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এক বিশেষ আলোচনাসভা ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এই আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আল্লামা সাঈদীর রায়: ন্যায়ভ্রষ্ট বিচার, গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাস’। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও পরবর্তী ঘটনাবলি এই আয়োজনের মূল বিষয়বস্তু।
কর্মসূচিতে ওই সময়ের বিচারিক প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে দেশজুড়ে সংঘাত ও প্রাণহানির চিত্র তুলে ধরা হবে। একই সঙ্গে নথিপত্র ও আলোকচিত্রের মাধ্যমে একটি বিশেষ চিত্রপ্রদর্শনীও অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পক্ষ থেকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর মধুর ক্যান্টিনে শিবিরের এ ধরনের কর্মসূচি বিশ্ববিদ্যালয় অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
