বগুড়া শহরে নিজ জমিতে ভিত্তি স্থাপন করতে গিয়ে চাঁদাবাজদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা সাইফুল ইসলাম। ১ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে শহরের মাহবুব নগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ক্রয়কৃত জমিতে নির্মাণকাজের ভিত্তি স্থাপন করতে গেলে একদল সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়ে চাঁদা দাবি করে। মাওলানা সাইফুল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকা নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় আলেম-উলামা ও সাধারণ মানুষ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ঘটনার একদিন পেরিয়ে গেলেও এ বিষয়ে রাজনৈতিক অঙ্গন থেকে তেমন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
