সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষ ঘটে। নিহতরা হলেন—মৃত মমছের আলীর ছেলে ইসমাইল (৭০) এবং মৃত ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের একটি ৫ বিঘা আয়তনের খাস পুকুর নিয়ে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত ১৫-১৬ বছর ধরে আছমত আলী মসজিদের নামে পুকুরটি ভোগদখল করে আসছিলেন। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক ৩ বছরের জন্য পুকুরটি লিজ নেন।
সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরতে জাল ফেললে আছমত আলীর সমর্থকরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন গুরুতর আহত হন। পুলিশ ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আব্দুস সালাম মারা যান। ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী অভিযোগ করেছেন, নিয়মতান্ত্রিকভাবে লিজ নেওয়ার পরেও আওয়ামী লীগের লোকজন পরিকল্পিত হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হামলার পর থেকে আওয়ামী লীগের অভিযুক্ত কর্মীরা এলাকা ছেড়ে পলাতক রয়েছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, ওই পুকুরটি নিয়ে বিরোধের জেরে ২০০৭ সালেও একজন নিহত হয়েছিলেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে।
