চাঁদপুরের হাজীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি ধর্ষণ মামলায় হাবিবুর রহমান নামে এক সাবেক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দুপুর পৌনে তিনটার দিকে হাজীগঞ্জ বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক হাবিবুর রহমান উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উত্তর বড়কুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর এলাকার ২৪ বছর বয়সী এক তরুণী গত ২৬ ফেব্রুয়ারি চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাবিবুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি হাজীগঞ্জ থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আসামিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
