রাস্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কণ্ঠে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তার বক্তব্য এই স্লোগান দিয়ে শেষ করেন।
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর এই প্রথম রাষ্ট্রপতিকে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দিতে দেখা গেল। গত ৫ আগস্টের পটপরিবর্তন এবং বিএনপির নতুন সরকার শপথ নেওয়ার পর এটিই ছিল তার প্রথম সরকারি কোনো জনসমাবেশে অংশগ্রহণ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে রাষ্ট্রপতির এই স্লোগান পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে।
আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা মো. সাহাবুদ্দিন এর আগে তার প্রতিটি বক্তব্য ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শেষ করতেন। তবে দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর প্রথমবারের মতো তাকে বিএনপির আদর্শিক স্লোগান হিসেবে পরিচিত ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলতে শোনা গেল। তার বক্তব্যের এই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বক্তব্যের আগে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা রাষ্ট্রপতির এই স্লোগান পরিবর্তনকে বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় অনেকটা আড়ালে থাকলেও নতুন নির্বাচিত সরকারের অধীনে তার এই অবস্থান পরিবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
