আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আন্দোলনের বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। কেন্দ্রীয় সরকার ও ভারতীয় জনতা পার্টি-এর বিরুদ্ধে প্রতিদিনই কঠোর অবস্থান নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অতিরিক্ত বাড়াবাড়ি করলে দিল্লির সরকারকেও ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।
শুক্রবার শুরু হওয়া ধর্মতলার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধিদল রাজ্যে না আসা পর্যন্ত এই কর্মসূচি চলবে। গত রাতও তিনি অবস্থান মঞ্চেই কাটিয়েছেন।
এদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য চালু করা ‘যুবসাথী’ (যুবশ্রী) প্রকল্পের ভাতা পাওয়ার জন্য আর ১ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। শনিবার (৭ মার্চ) থেকেই উপকারভোগীদের ব্যাংক হিসাবে ১৫০০ টাকা করে দেওয়া শুরু হয়েছে।
অন্যদিকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার সবাইকে হাতা-খুন্তি নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি।
