ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপি আয়োজিত একটি ইফতার মাহফিলে দলীয় দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) বিকেলে বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যানারে নাম না থাকা এবং উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে এই রণক্ষেত্রের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং পুরো ইফতার মাহফিলটি পণ্ড হয়ে গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশে এই ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে অভিযোগ উঠেছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি এবং মঞ্চের ব্যানারেও তার নাম রাখা হয়নি।
ঘটনার সূত্রপাত হয় উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া দীপুর একটি বক্তব্যকে কেন্দ্র করে। তিনি তার বক্তব্যে বিগত নির্বাচনে দলের বিপক্ষে অবস্থান নেওয়া নেতাকর্মীদের কঠোর সমালোচনা ও ধিক্কার জানান। ঠিক সেই মুহূর্তে সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন অনুসারীদের নিয়ে সেখানে উপস্থিত হন এবং ব্যানারে তার নামসহ স্থানীয় সভাপতি-সাধারণ সম্পাদকের নাম না থাকার বিষয়ে তীব্র প্রতিবাদ জানান।
এই প্রতিবাদ ও দীপুর বক্তব্য নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। নেতাকর্মীরা একে অপরের দিকে ইফতার মাহফিলের চেয়ার ছুড়তে শুরু করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় আমন্ত্রিত অতিথিরা দ্রুত স্থান ত্যাগ করেন এবং ইফতারের আয়োজন পুরোপুরি ভেস্তে যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও জানান, ব্যানারে নাম না থাকাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনার সূত্রপাত। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
