ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ৭ই মার্চের ভাষণ বাজানোর অভিযোগে আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে পাল্টা কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী ও বামপন্থী ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় জাদুঘরের প্রধান ফটকের সামনে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
কর্মসূচির নেতৃত্বে ছিলেন ডাকসু নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’-এর ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। আন্দোলনকারীরা একটি রিকশায় সাউন্ড বক্স বসিয়ে সেখানে উচ্চস্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজাতে থাকেন। এ সময় ইমি ও তার সহযোগীদের সাউন্ড বক্সের পাশে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, “বাংলাদেশে যতদিন অস্তিত্ব থাকবে, ততদিন শেখ মুজিবের অস্তিত্ব মুছে ফেলা যাবে না। আসিফ আহমেদ সৈকতকে অন্যায়ভাবে আটক করা হয়েছে, আমরা এই গ্রেফতারের প্রতিবাদেই এখানে ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছি।” কর্মসূচি চলাকালে শাহবাগ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তাদের বাধা দিতে দেখা যায়নি।
এর আগে দুপুরে ঢাবির শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের কর্মী ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ সৈকতকে চানখাঁরপুল এলাকা থেকে সাউন্ড বক্সসহ আটক করে পুলিশ। আসিফের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং ক্যাম্পাসে চাঁদাবাজির গুরুতর অভিযোগ রয়েছে। তার আটকের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
আসিফের মুক্তির দাবিতে প্রথমে উপাচার্য চত্বরে কর্মসূচির ঘোষণা দেওয়া হলেও পরে তা পরিবর্তন করে শাহবাগ থানার বিপরীতে স্থানান্তর করা হয়। প্রতিবাদকারীরা দাবি করেন, রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে এভাবে আটক করা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তবে সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ এই কর্মসূচির তীব্র বিরোধিতা করে আসিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
