চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা এক নাশকতার মামলায় সালাউদ্দীন আইয়ূবী (৪৫) নামে সাবেক এক ছাত্রশিবির নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সালাউদ্দীন আইয়ূবী হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের মো. জানে আলমের ছেলে। তিনি একসময় হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফেরেন।
হাটহাজারী থানা পুলিশ জানিয়েছে, ২০১৩ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি নাশকতার মামলায় সালাউদ্দীনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই র্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শুক্রবার (৬ মার্চ) যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, আদালতের পরোয়ানা মূলে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
