জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকা-১৫ আসনের দীর্ঘদিনের পানির সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দলটির প্রতিনিধিরা ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
দলীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ঢাকা ওয়াসার মডস জোন-৪ কার্যালয়ে যান। মহানগরী উত্তর যুব বিভাগের সেক্রেটারি মো. হাসানুল বান্না চপলের নেতৃত্বে প্রতিনিধিদলটি জোনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমদাদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় মো. সেলিম উদ্দিন মোবাইল ফোনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমদাদ হোসেনের সঙ্গে কথা বলেন। তিনি ঢাকা-১৫ আসনের বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সংকট দ্রুত নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
জবাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমদাদ হোসেন পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে তিনি অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং ঢাকা-১৫ আসনের পানির ভোগান্তি দ্রুত কমাতে একটি নতুন রোডম্যাপ প্রণয়নের কথা জানান।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল আমান, মহানগরী উত্তর যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
