ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) ভোরে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৭ সদস্য বিশিষ্ট এই কমিটির তথ্য জানানো হয়।
সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফজলে রাব্বী সরকার এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সাবিরা মারিয়াম মুশফি। ইনকিলাব, ইনসাফ, সততা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে এই নতুন যাত্রা শুরু করল সংগঠনটি।
ঘোষিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আরও রয়েছেন যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম ও মিলন হোসাইন এবং যুগ্ম সদস্যসচিব নূরে জান্নাত ফাতিমা ও নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার। এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে ইসফানুল ইসলাম এবং মিডিয়া সম্পাদক হিসেবে আবু বকর তালহার নাম ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য বিভাগীয় পদের মধ্যে শিল্প ও সাহিত্য সম্পাদক মুজতবা জহির জিসান, পরিবেশ ও পর্যটন সম্পাদক জায়েদ আল বাশার এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হিসেবে মোহাম্মদ ফাতিন ইয়ামিন চৌধুরী দায়িত্ব পালন করবেন। ৪৭ জনের এই বিশাল কর্মীবাহিনীতে ৩৫ জনকে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি উল্লেখ করেছে, ইনসাফ কায়েম এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যেই তারা ছাত্রসমাজের মধ্যে তাদের আদর্শিক কার্যক্রম বেগবান করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটি তাদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার ইঙ্গিত দিয়েছে।
