ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) মধ্য ইসরায়েলে এই হামলার ঘটনা ঘটে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ এবং দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা এমডিএ নিশ্চিত করেছে।
এমডিএ-এর দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের গোলার আঘাতে তিনজন গুরুতর আহত হয়েছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। বাকি দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক যৌথ হামলার পর এই সংঘাতের সূচনা হয়। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বে তেহরান এখন সরাসরি পাল্টা জবাব দিতে শুরু করেছে।
ইরানি বাহিনী কেবল ইসরায়েলি ভূখণ্ডই নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন করা মার্কিন সামরিক ‘স্থাপনা’গুলো লক্ষ্য করেও নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
