ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপি বিষয়টিকে ‘উদারতা’ হিসেবে প্রচার করলেও জামায়াত বলছে, ‘অনুগ্রহ’ বা ‘অলংকার’ হিসেবে তারা এই পদ গ্রহণ করতে চায় না।
দলটির নেতারা জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার সকালে বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই ডেপুটি স্পিকার পদ গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান না থাকলেও জামায়াতে ইসলামীকে এই প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে। তাঁর মতে, জামায়াতেরও এই প্রস্তাব উদারতার সঙ্গে গ্রহণ করা উচিত।
তবে জামায়াতের নেতারা বলছেন, ডেপুটি স্পিকার পদকে ‘উদারতা’ হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। তাদের মতে, ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষে একজন করে ডেপুটি স্পিকার সরকারদলীয় সদস্য ছাড়া অন্য সদস্যদের মধ্য থেকে মনোনীত হওয়ার কথা রয়েছে। তাই এটি বিরোধী দলের স্বাভাবিক অধিকার, কোনো অনুগ্রহ নয়।
এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, “জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না ইনশা আল্লাহ।”
জামায়াতের একাধিক সংসদ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির মনোভাব এমন যে তারা যেন ডেপুটি স্পিকারের পদটি জামায়াতকে দয়াদাক্ষিণ্য করে দিচ্ছে। কিন্তু জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলের এই পদ পাওয়ার কথা স্বাভাবিকভাবেই।
দলটির নেতারা আরও জানান, ডেপুটি স্পিকার পদ গ্রহণ করা হবে কি না, পাশাপাশি সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে জামায়াতের অবস্থান কী হবে এসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি। বুধবার বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই জাতীয় সনদের আলোকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের দুটি ডেপুটি স্পিকার পদই বিরোধী দলের পাওয়ার কথা। এখানে অনুগ্রহের কোনো বিষয় নেই। তবে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি বা প্রস্তাব দেওয়া হয়নি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হয়, কিন্তু বিএনপি এখনো সেই শপথ নেয়নি। তাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপিকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এরপরই জামায়াত ডেপুটি স্পিকার পদ নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
দলীয় সূত্রগুলো বলছে, বিএনপি যদি জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান না নেয়, তবে জামায়াত এই পদ গ্রহণ না করার সিদ্ধান্তও নিতে পারে। বুধবারের বৈঠকের পর এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে।
