রামু উপজেলা-এর চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও তার স্ত্রী ‘টিকটকার’ তাহেরা বেগম আঁখিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৬ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তাহেরা বেগম আঁখি (৩২) খুনিয়াপালং ইউনিয়ন-এর দারিয়ারদীঘি ধইংকাকাটা এলাকার মো. মুসার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
র্যাব জানায়, গত ৪ মার্চ ফতেখাঁরকুল ইউনিয়ন-এর পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ (২২)-এর গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত বেলাল রাজারকুল ইউনিয়ন-এর হাজীপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন টমটম চালক ছিলেন।
ঘটনার পর থেকেই তার স্ত্রী ও মামলার প্রধান আসামি তাহেরা বেগম আঁখি আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানা-য় একটি হত্যা মামলা দায়ের করে।
র্যাব কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উখিয়ার কোটবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহেরা বেগম আঁখি জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘টিকটকার’ হিসেবে পরিচিত।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।
