পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। সোমবার ছিল ছুটির আগের শেষ কর্মদিবস। এরপর থেকেই বিকেল গড়াতেই সড়কে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
সম্ভাব্য এই তারিখ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে থেকেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। পাশাপাশি ১৭ মার্চ শবে কদরের ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন।
এর আগে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ১৮ মার্চ ছুটি ঘোষণার দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, কার্যপ্রণালী বিধিমালা ১৯৯৬ অনুযায়ী মন্ত্রণালয়ের ক্ষমতাবলে ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট পরিবহন অন্তর্ভুক্ত।
এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনও স্বাভাবিকভাবে চালু থাকবে। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোও খোলা থাকবে।
