ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের হামলায় একটি মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমানটির বর্তমান অবস্থা এখনও অনিশ্চিত এবং এটি বিধ্বস্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে তারা উল্লেখ করেছে।
সিএনএন-এর বরাত দিয়ে জানা গেছে, ইরানের আকাশসীমায় একটি মিশন পরিচালনার সময় ইরানি বাহিনীর গোলার আঘাতে মার্কিন এই জেটটি ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর যুদ্ধবিমানটি মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাইলট নিরাপদ ও স্থিতিশীল রয়েছেন, তবে পুরো ঘটনাটি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তবে এটি হবে চলমান যুদ্ধের ইতিহাসে প্রথম ঘটনা যেখানে ইরান সফলভাবে যুক্তরাষ্ট্রের কোনো পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমানে আঘাত হানতে সক্ষম হলো। এর আগে স্টিলথ প্রযুক্তির এই যুদ্ধবিমানকে ভূপাতিত করা বা আঘাত করা প্রায় অসম্ভব বলে মনে করা হতো।
ইরানি সামরিক সূত্রগুলো জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করা হয়েছে। বিমানটি জরুরি অবতরণ করলেও এর অভ্যন্তরীণ ও বাহ্যিক যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে এটি পুনরায় উড্ডয়নযোগ্য থাকবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।
এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনাকে এক নতুন এবং বিপজ্জনক মোড়ে নিয়ে যেতে পারে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সামরিক শক্তির এই সরাসরি সংঘাত বৈশ্বিক ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা।
